• সারাদেশ
  • সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৫:৪০ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২৬
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সিলেট-আখাউড়া রেলপথে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হলে দ্রুত ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে সিলেটগামী কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

পরে সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে আসা হয়। একই সময়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়েছে। বর্তমানে শমশেরনগর রেলস্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস অবস্থান করছে।

মন্তব্য লিখুন

আরও খবর