সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও কাবুলে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধ এবং সদিচ্ছার প্রতীক হিসেবে নেওয়া এই সিদ্ধান্ত বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে, যা ২৩ মার্চ মধ্যরাত পর্যন্ত মোট পাঁচ দিন বলবৎ থাকবে।
এই যুদ্ধবিরতির ঘোষণা আসে কাবুলের ক্যাম্প ফিনিক্সে ভয়াবহ বিমান হামলার মাত্র দুই দিন পর। সাবেক ন্যাটো ঘাঁটি হিসেবে পরিচিত এই স্থাপনাটি বর্তমানে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যায়।
হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। তালেবান সরকারের দাবি, ১৬ মার্চ রাতে সংঘটিত ওই হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি বেসামরিক স্থাপনায় হামলা ছিল। অন্যদিকে জাতিসংঘের তথ্যমতে, নিহতের সংখ্যা ১৪৩ এবং আহত ১১৯ জন।
পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো বেসামরিক স্থাপনায় নয়, বরং সন্ত্রাসীদের অস্ত্রভাণ্ডার, ড্রোন এবং আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পৃথকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তান সতর্ক করে জানিয়েছে, যুদ্ধবিরতির সময় যদি কোনো আন্তঃসীমান্ত হামলা বা ড্রোন আক্রমণ ঘটে, তবে তারা পুনরায় সামরিক অভিযান শুরু করবে। একইভাবে তালেবানও জানায়, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।
একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও, গত এক বছরে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবানরা তাদের দেশে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যদিও তালেবান এ অভিযোগ অস্বীকার করে আসছে। চীনসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও সাম্প্রতিক সরাসরি হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সূত্র : রয়টার্স
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি