নিজস্ব প্রতিবেদক: প্রবাসে সৃজনশীল সাহিত্যচর্চার ধারাবাহিকতায় ‘লেখকের অঙ্গন'র ২৩তম গ্রন্থালোচনা অনুষ্ঠান গত ২৮ মার্চ ২০২৬, কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নীরা কাদরী। তিনি উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দকে স্বাগত জানিয়ে মাসিক গ্রন্থালোচনা পর্বের সূচনা করেন।
প্রথম আলোচক কবি ও লেখক মোহাম্মদ মহিবুর রহমান তাঁর প্রাঞ্জল উপস্থাপনায় হুমায়ুন আজাদ-এর গল্পগ্রন্থ ‘যাদুকরের মৃত্যু’ নিয়ে আলোচনা করেন। তিনি তুলে ধরেন, কীভাবে লেখক রূপক ও প্রতীকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উপস্থাপন করেছেন এবং প্রচলিত গল্পধারার বাইরে গিয়ে শিল্পসত্তার নতুন মাত্রা সৃষ্টি করেছেন। পরবর্তী আলোচক চারু হক, চন্দনা সুলতানা ও জাহীদ রেজা নূর-এর রচিত শহীদ সিরাজুদ্দীন হোসেন-এর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘স্মৃতিপটে একজন সিরাজ’ নিয়ে গভীর ও চমৎকার আলোচনা করেন।
লেখক ম. আমিনুল হক চুন্নু আলোচনা করেন এ বি এম সালেহ উদ্দীন-এর ‘প্রবন্ধ বিচিত্রা’ গ্রন্থ। এতে অন্তর্ভুক্ত ২২ জন মনীষীর জীবন ও কর্ম নিয়ে তিনি আলোকপাত করেন। আলোচনায় উঠে আসে মাওলানা আকরাম খান, মুহাম্মদ শহীদুল্লাহ, এ কে ফজলুল হক, শহীদ কাদরী, কাজী নজরুল ইসলাম এবং হুমায়ূন আহমেদ প্রমুখের জীবন ও অবদান। পরবর্তী আলোচক রানু ফেরদৌস আলোচনা করেন বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক-এর ‘কলমের সঙ্গে সংসার’ গ্রন্থ, যা একটি চমৎকার সাক্ষাৎকারভিত্তিক বই। কবি ও লেখক সুরীত বড়ূয়া আলোচনা করেন ‘বনফুলের শ্রেষ্ঠ গল্প’ তিনি প্রতিটি গল্পের বৈচিত্র্য ও গভীরতা তুলে ধরেন। সর্বশেষ আলোচক বিশিষ্ট লেখক এ বি এম সালেহ উদ্দীন আলোচনা করেন আব্দুল ওদুদ-এর ‘হিন্দু-মুসলমানের বিরোধ’ গ্রন্থ। তিনি গ্রন্থে উত্থাপিত মুসলমানের পরিচয়, হিন্দু-মুসলমান সম্পর্ক এবং দেশভাগের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও প্রাবন্ধিক আহমেদ মাযহার।
পরিশেষে পরিচালক নীরা কাদরী কুইন্স পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান আকিলা ই জর্ডেইন ডোনাল্ডসন, লাইব্রেরি কর্তৃপক্ষকে এবং উপস্থিত গ্রন্থালোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি