শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রাণ হারালেন এক গৃহবধূ। অভিযোগ উঠেছে, স্বামী ও শ্বশুর মিলে ছুরিকাঘাতে তাকে হত্যা করেছেন। জমি কেনার টাকা নিয়ে চলা বিরোধই নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনের কারণ বলে ধারণা স্থানীয়দের।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের পশ্চিমপাড়ায়। নিহত গৃহবধূ রুনা আক্তার (৩২) রানীখার গ্রামের বাসিন্দা ও প্রয়াত শিক্ষক শেখ নাছির উদ্দিনের কন্যা।
নিহতের বড় ভাই শেখ জসিম উদ্দিন বলেন, “তিন বছর আগে রুনার বিয়ে হয় পাশের গ্রামের সাইদুর রহমানের সঙ্গে। তাদের দশ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। ঢাকায় সেলুনে কাজ করা সাইদুর সম্প্রতি গ্রামে জমি কেনার জন্য শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেয়। পরে আরও টাকার জন্য চাপ দিলে রুনার সঙ্গে তার বিরোধ শুরু হয়।”
তিনি অভিযোগ করেন, “রুনার ওপর নির্যাতন চলছিল। শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনন্ত কুমার ভক্ত জানান, “গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল।”
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, নিহতের স্বামী সাইদুর রহমানকে থানায় আটক করা হয়েছে। শ্বশুর আব্দুস সালামকেও জেলা সদর হাসপাতাল থেকে আটক করে সদর মডেল থানায় নেওয়া হয়েছে।।
উপদেষ্টা সম্পাদক: অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি