সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রাখা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।
রবিবার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের একজন কর্মকর্তা জবানবন্দি দেবেন। নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে। এর আগে চতুর্থ সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং আজ তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।
এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন জুনাইদ আহমেদ পলক। অন্যদিকে, পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে জয়ের নির্দেশে পলক ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন। পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায়। এছাড়া ইন্টারনেট বন্ধ রেখে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা এবং হত্যায় সহায়তার অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন। পাশাপাশি উত্তরায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।
চলতি বছরের ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আদালত আমলে নেয়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি