• জাতীয়
  • ঢাকা ও চট্টগ্রাম সিটিতে নির্বাচনের প্রস্তুতি, ইসির কাছে চিঠি

ঢাকা ও চট্টগ্রাম সিটিতে নির্বাচনের প্রস্তুতি, ইসির কাছে চিঠি

৬:২২ পূর্বাহ্ণ , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম সিটিতে নির্বাচনের প্রস্তুতি, ইসির কাছে চিঠি

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ এখনো পুরোপুরি না কাটতেই দেশের বড় তিন মহানগরীতে সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চিঠিগুলো কমিশনের সামনে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন। সে অনুযায়ী ২০২৫ সালের ১ জুন পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ৩ জুন, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন।

অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন-এর প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, এই সিটির মেয়াদ শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর তৎকালীন মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন ডা. শাহাদাত হোসেন।

মন্তব্য লিখুন

আরও খবর