সীমান্ত টিভি নিউজ ডেস্ক: তুরস্কে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বাবা-ছেলেসহ দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় ভোর আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) এবং তার একমাত্র ছেলে সাব্বির (২২)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন (২৬)। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তুরস্কের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে তারা একসঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে সেহরি খাওয়ার পর ভোরে সবাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে কক্ষে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এতে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে তারেক মিয়া ও তার ছেলে সাব্বিরের মৃত্যু হয়।
পরে লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
সাব্বিরের খালা লুতফা বেগম বলেন, হঠাৎ এমন দুর্ঘটনার খবরে আমরা বাকরুদ্ধ। পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনেরা জানান, সরকারের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে মরদেহ দেশে আনা সম্ভব নয়। এ বিষয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা।
জানা গেছে, তারেক মিয়া প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান। দেড় বছর আগে তিনি তার ছেলে সাব্বিরকে সেখানে নিয়ে যান। সাব্বিরের মা আগে থেকেই মারা গেছেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি