সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে তাঁর নেতৃত্বে বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ সম্পন্ন করেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিলেন। তাদের পর বিরোধীদলীয় এমপিদেরও দুপুরে শপথ নেওয়ার কথা রয়েছে। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে জটিলতা কাটছে না। এ শপথ নেওয়ার আগে বিষয়টি সংবিধানে যুক্ত হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিষয়টি সংবিধানে যুক্ত হওয়ার আগে তার দল শপথ নেবে না বলে জানিয়েছেন তিনি। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির এমপিরাই প্রথমে শপথ নেন। এরপর জামায়াত জোটের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।
এদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবেন না এমনটাই জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আজ মঙ্গলবার গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি