সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলার দুর্গম ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে সীমান্তসংলগ্ন ও পাহাড়ি এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) আওতাধীন ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত অঞ্চলসহ পানছড়ি ও দীঘিনালা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আওতায় পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টিসহ মোট ২৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ৩০ জানুয়ারি থেকে পানছড়িতে ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে দীঘিনালার নড়াইছড়ি এলাকায় অবস্থিত দুর্গম হেলি-সাপোর্টেড একটি ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ২৭টি দুর্গম কেন্দ্র এখন বিজিবির কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় রয়েছে।
মাঠপর্যায়ে বিজিবি সদস্যরা যানবাহন, নৌপথ ও পায়ে হেঁটে নিয়মিত টহল দিচ্ছেন। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য জনসচেতনতামূলক প্রচারণা, ঝুঁকি মূল্যায়ন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপকূলীয় ছয়টি উপজেলা ছাড়া দেশের ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত, শান্তিপূর্ণ পরিবেশ বজায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি