সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ধাপে ধাপে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে অন্যতম বড় ফ্লাইট বাতিলের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিনের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই ফ্লাইট পরিচালনা বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ১১ মার্চ (রাত ১২টার পর) আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
১১ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট। মধ্যপ্রাচ্যের চলমান সামরিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এসব এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল বা পুনঃনির্ধারণ করতে বাধ্য হয়েছে।
তবে ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমিত পরিসরে কিছু ফ্লাইট পরিচালনাও করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যগামী মোট ৩৬৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে বা পরিকল্পনায় রাখা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি, ৯ মার্চ ৪০টি এবং ১০ মার্চ ৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে বা পরিকল্পনায় ছিল।
এছাড়া ১১ মার্চ আরও ৩৯টি ফ্লাইট পরিচালনা বা পরিকল্পনার তালিকায় রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ১৯টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট রয়েছে। সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাইয়ে ৫টি, আবুধাবিতে ১টি এবং শারজাহে ৬টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এয়ারলাইন্সগুলো নিয়মিত তাদের ফ্লাইট সূচি পরিবর্তন করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি