• জাতীয়
  • যেভাবে কাজ করবে ডিজিটাল ‘ফুয়েল পাস’

যেভাবে কাজ করবে ডিজিটাল ‘ফুয়েল পাস’

৭:০৫ পূর্বাহ্ণ , ১ এপ্রিল ২০২৬
যেভাবে কাজ করবে ডিজিটাল ‘ফুয়েল পাস’

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে, ফলে সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের মধ্যে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার প্রবণতা বেড়েছে, আর এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ইতোমধ্যে মাঠে নেমেছে। অবৈধভাবে জ্বালানি মজুদের তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকার এখন জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে নতুন একটি ডিজিটাল উদ্যোগ নিতে যাচ্ছে। চলতি এপ্রিল থেকেই কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালুর প্রস্তুতি চলছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মোবাইল অ্যাপভিত্তিক এই পদ্ধতি প্রথমে মোটরসাইকেলের ক্ষেত্রে চালু করা হবে এবং দ্রুত কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হতে পারে।

নতুন এই ব্যবস্থায় প্রতিটি নিবন্ধিত যানবাহনকে একটি কিউআর কোড দেওয়া হবে, যা একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। গ্রাহককে অ্যাপের মাধ্যমে নিজের পরিচয় ও যানবাহনের তথ্য নিবন্ধন করতে হবে। এরপর জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী সেই কোড স্ক্যান করলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে।

এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু জ্বালানি কেনা যাবে, সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের আগে আর জ্বালানি নেওয়া যাবে না, ফলে অতিরিক্ত মজুদ করার সুযোগ কমে যাবে। তবে জরুরি প্রয়োজনে বাড়তি জ্বালানি নেওয়ার সুযোগ রাখা হতে পারে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করা হয়েছে এবং খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ধাপে ধাপে সারা দেশে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

এদিকে, কিছু জেলায় ইতোমধ্যে ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে পেট্রল ও অকটেন কেনার ক্ষেত্রে এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, জ্বালানি মজুদ রোধে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ইতোমধ্যে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করেছে প্রশাসন।

মন্তব্য লিখুন

আরও খবর