• রাজনীতি
  • দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব : জামায়াত আমির

দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব : জামায়াত আমির

৬:৩৪ পূর্বাহ্ণ , ৮ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব : জামায়াত আমির

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্ব পেলে মাত্র পাঁচ বছরের মধ্যেই দেশের সামগ্রিক চেহারা বদলে দেওয়া হবে। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেটের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ‘দুর্নীতি দূর হলেই দেশের শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে।’

হবিগঞ্জে অপর এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না।

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াতের আমির বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটানো হবে। দুর্নীতির মাধ্যমে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। তার মূলোৎপাটন করা হবে। দেশের টাকা ও সম্পদ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না।

পাচারকৃত টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বলেন, সিলেট দেশের আধ্যাত্মিক রাজধানী। কিন্তু আমরা সবদিক থেকেই বঞ্চিত। এই বঞ্চনার যাতে অবসান হয় আমরা সেই পদক্ষেপ নেব।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক হলেও এখানে সব ধরনের বিমান ওঠানামা করতে পারে না। আমরা এটিকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করব। ম্যানচেষ্টার ফ্লাইট এতদিন চালু থাকলেও সরকার সেটি বন্ধ করে দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে ম্যানচেষ্টার ফ্লাইট চালুর পাশাপাশি আরও নতুন নতুন রুট চালু করা হবে।’
সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠিত এই জনসভায় জামাতের আমির বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও কেউ মারা গেলে তার লাশ দেশে ফেরানো নিয়ে শুরু হয় ঠেলাঠেলি।

জামায়াত ক্ষমতায় গেলে, সসম্মানে প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে ফেরানো হবে। এমনকি কোনো প্রবাসী আয়রোজগারের আগে মৃত্যুবরণ করলে তার পরিবারের দায়িত্ব নেবে সরকার।’ সভার শেষে জামায়াতের আমির সিলেটের ছয়টি আসনে ১১-দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর জামায়াত এবং ১১-দলীয় জোটের নেতারা।
মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল দুপুরে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি দূর হলেই দেশের উৎপাদনশীলতা বাড়বে।

শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে। ডা. শফিকুর রহমান বলেন, ‘কুলাউড়া আমার জন্মভূমি। কুলাউড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ইনশাল্লাহ, এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমিও ভোট পেয়ে যাব। মূল এমপি থাকবেন সায়েদ আলী আর ছায়া এমপি থাকব আমি। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী।

হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে ১১-দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গরিব ও অসহায় মানুষ দেশে ন্যায় বিচার পায় না। বিচারব্যবস্থা সবসময় প্রভাবশালীদের পক্ষে কাজ করে। আমরা ন্যায়বিচার কায়েম করতে চাই। টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না।’ জনসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান।