• রাজনীতি
  • নির্বাচনী প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনী প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

৬:৩৪ পূর্বাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ নির্বাচনী সফরে সিলেটসহ তিনটি জেলা সফর করবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলটির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের শুরুতে তিনি হবিগঞ্জ জেলা শহরের নিউফিল্ড মাঠে আয়োজিত আরেকটি জনসভায় যোগ দেবেন। সকাল ১০টায় অনুষ্ঠিত এ সমাবেশে তিনি দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। তবে সময়সংকটের কারণে সুনামগঞ্জে পূর্বনির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে।

সিলেটের সমাবেশে জেলার ছয়টি আসন এবং সুনামগঞ্জের চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। এতে স্থানীয় নেতৃবৃন্দসহ জোটের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করে সরাসরি সমাবেশস্থলে পৌঁছাবেন।

জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। আয়োজকদের আশা, সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে। আলিয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ, আর নগরজুড়ে টাঙানো হয়েছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন, যা ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।