
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ সীমাহীন করার বিষয়ে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যাদের চাহিদা ও ব্যবহারের ধরন একেকজনের ক্ষেত্রে ভিন্ন। এই ভিন্নতা মাথায় রেখে মোবাইল অপারেটররা বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করে থাকে।
মন্ত্রী বলেন, ডেটার মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডেটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
তিনি আরও ব্যাখ্যা করেন, মোবাইল ইন্টারনেট সেবা সাশ্রয়ী রাখতে অপারেটররা সাধারণত নির্দিষ্ট মেয়াদের ছোট ছোট প্যাকেজ আকারে ডেটা সরবরাহ করে। এখানে শুধু ব্যবসায়িক বিষয় নয়, প্রযুক্তিগত, অর্থনৈতিক ও নেটওয়ার্ক ব্যবস্থাপনার বিষয়ও জড়িত। বিশ্বব্যাপী প্রায় সব দেশেই মেয়াদভিত্তিক ডেটা প্যাকেজ চালু রয়েছে।
এছাড়া তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নির্দেশনা অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনলে বা অটো রিনিউ করলে অব্যবহৃত ডেটা পরবর্তী সময়ে ব্যবহার করা যায়। এমনকি দীর্ঘমেয়াদি (১০ বছর) ডেটা প্যাকেজও চালু রয়েছে, যা কার্যত আনলিমিটেড মেয়াদের মতোই সুবিধা দেয়।
গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী। এ লক্ষ্যে বিটিআরসি কোয়ালিটি অব সার্ভিস সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এবং নিয়মিত নেটওয়ার্ক পরীক্ষার মাধ্যমে সেবার মান পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফাইভজি সেবা চালু করা হয়েছে। ঢাকার আবাসিক এলাকা, বিমানবন্দর, রেলস্টেশনসহ প্রায় ৪০টি স্থানে এবং দেশের অন্যান্য বড় শহর ও গুরুত্বপূর্ণ মিলিয়ে প্রায় ৪০০টিরও বেশি স্থানে সীমিত পরিসরে ফাইভজি সেবা চালু রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...