• বিনোদন
  • দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

১:৩৭ পূর্বাহ্ণ , ১০ অক্টোবর ২০২৬
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করেছে উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদ, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট নাসরিন জামান মনি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, দিয়ামনি ই-কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে উদ্যোক্তাদের দক্ষ করে তোলা এবং তাঁদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সংগঠনটির কার্যক্রমের অংশ হিসেবে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত নারীদের উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানের একপর্যায়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকতা, গণমাধ্যম, উদ্যোক্তা কার্যক্রম, ব্র্যান্ড প্রমোশন ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিদের হাতে ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান, সৃজনশীলতা ও দক্ষতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করে আত্মনির্ভরশীল হতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্যও তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং উদ্যোক্তা ও বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার মধ্য দিয়ে এ আয়োজন শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে।