মোজতবা খামেনিকে কেন্দ্র করে ইরানের বড় বার্তা

৫:৫৪ পূর্বাহ্ণ , ১৬ মার্চ ২০২৬

সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ইসরাইলের যৌথ হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার পুত্র মোজতবা খামেনি।

দায়িত্ব নেওয়ার পর এখনো জনসমক্ষে দেখা যায়নি ইরানের এই নতুন সর্বোচ্চ নেতাকে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়।

এর মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তার বিশ্বাস খামেনি আহত এবং সম্ভবত গুরুতরভাবে জখম হয়েছেন।

তবে এসব দাবি উড়িয়ে দিয়ে নতুন তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং বর্তমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন।

ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার ১২ মার্চ মোজতবা খামেনি প্রথমবারের মতো একটি লিখিত বিবৃতি দেন। টেলিভিশনে একজন উপস্থাপক সেই বিবৃতি পড়ে শোনান।

বিবৃতিতে তিনি বলেন, ইরান ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানায়।

তিনি আরও জানান, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ ছাড়া অন্য সবার জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে আসেনি।

সূত্র: অ্যালারাবি আলজাদিদ