• জাতীয়
  • যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫:৫২ পূর্বাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৬
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির সিনিয়র নেতারা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর থেকে সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী বাসযোগে যশোরের শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১১টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া, দুপুর সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর বেলা দেড়টায় প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিন শেষে রাত ৮টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসে এটি তার দ্বিতীয় যশোর সফর; এর আগে ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর