ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের

৫:৫১ পূর্বাহ্ণ , ১০ মার্চ ২০২৬

সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে সোমবার বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, রিপাবলিকান সম্মেলনে বক্তব্য রাখা এবং আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং—সব জায়গাতেই তিনি ইরান ইস্যুতে কথা বলেন এবং যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দেন।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষের দিকে এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের চেয়েও অনেক এগিয়ে রয়েছে।

এনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি ইরানের তেল সম্পদের সম্ভাব্য অধিগ্রহণের প্রসঙ্গ পুরোপুরি নাকচ করেননি। ট্রাম্প বলেন, এ বিষয়ে অনেকেই আলোচনা করছেন।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানে মার্কিন সেনা পাঠানো হবে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তার প্রশাসন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়েও তারা এখনো পৌঁছায়নি।

এদিকে ফ্লোরিডায় রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে একটি ‘স্বল্পমেয়াদি’ সামরিক অভিযানে জড়িয়েছে, যার লক্ষ্য ছিল কিছু বিপজ্জনক ব্যক্তিকে সরিয়ে দেওয়া। একই সঙ্গে তিনি দাবি করেন, অনেক দিক থেকেই যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এগিয়ে আছে, তবে এখনো চূড়ান্ত জয় অর্জিত হয়নি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট নন। তবে পরে সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প স্পষ্ট করে জানাননি, ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান বা সেই পরিবর্তন কীভাবে সম্ভব হতে পারে।

সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প আরও দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, ইরান যাতে দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের তিনি আরও বলেন, ইরানে এখনো কিছু লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলো প্রয়োজন হলে একদিনেই ধ্বংস করা সম্ভব। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হয়ে যাবে।

মন্তব্য লিখুন

আরও খবর