• আন্তর্জাতিক
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা

ইরান ইস্যুতে ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা

৫:৪৫ পূর্বাহ্ণ , ৮ মার্চ ২০২৬
ইরান ইস্যুতে ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা

সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব কাঠামো পরিবর্তনের কথা বললেও দেশটির বর্তমান শাসনব্যবস্থা সহজে উৎখাত করা সম্ভব নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। একটি গোপন (ক্লাসিফাইড) গোয়েন্দা প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, বড় ধরনের সামরিক অভিযান চালানো হলেও তেহরানের বর্তমান ক্ষমতা কাঠামো দ্রুত ভেঙে ফেলা কঠিন হবে।

ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের প্রস্তুত করা ওই মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা হলেও দেশটির শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আগে থেকেই শক্তিশালী ও সুসংগঠিত একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফলে নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট রাখার সক্ষমতা তাদের রয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযান শুরুর প্রায় এক সপ্তাহ আগে এই প্রতিবেদন তৈরি করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ বিরোধী গোষ্ঠীগুলো বর্তমানে অনেকটাই বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় রয়েছে। তাই তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় ধরনের গণআন্দোলন সংগঠিত করা এখন বাস্তবসম্মত নয়। ফলে বাইরের চাপ বা সামরিক অভিযানের মাধ্যমে দ্রুত শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনাও কম বলে মনে করা হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রসঙ্গেও নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে তার ব্যক্তিগত অনুমোদন থাকা উচিত। ট্রাম্পের মতে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনেইর ক্ষমতায় আসা তার কাছে গ্রহণযোগ্য নয়। বরং এমন একজন নেতাকে তিনি দেখতে চান, যিনি ইরানের নীতিতে পরিবর্তন এনে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। অন্যথায় আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল দেশটির জনগণ। কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ইরান কখনোই মেনে নেবে না।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য লিখুন

আরও খবর